জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: আব্দুস সালাম

রাজধানীর বহুমুখী সমস্যার টেকসই সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম।
বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ এবং প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীর দীর্ঘদিনের সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
আব্দুস সালাম আরও বলেন, ঢাকা আজ যানজট, জলাবদ্ধতা, বায়ুদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট এবং অপরিকল্পিত নগরায়ণের মতো সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর করা যাবে না; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
বিজ্ঞাপন
তিনি বলেন, অনেক ক্ষেত্রে আইন ও নীতিমালা থাকলেও তা যথাযথভাবে মানা হয় না। ট্রাফিক আইন অমান্য করা, যেখানে-সেখানে ময়লা ফেলা, অবৈধ দখল ও নির্মাণ—এসব আচরণ নগর সমস্যাকে আরও জটিল করে তুলছে।
নতুন প্রশাসক বলেন, নাগরিকরা যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করেন, তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। সিটি করপোরেশন, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে জনগণের সমন্বয় বাড়ানো দরকার। এলাকাভিত্তিক কমিউনিটি উদ্যোগ, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা জোরদার করলে নগর ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, রাজধানীকে বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি সামাজিক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ। সরকার একা সব করতে পারবে না; জনগণ এগিয়ে এলে ঢাকাকে বদলে দেওয়া সম্ভব।








