Logo

কাল থেকে শুরু অমর একুশে বইমেলা, স্টল সাজাতে ব্যস্ত কর্মীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২০
কাল থেকে শুরু অমর একুশে বইমেলা, স্টল সাজাতে ব্যস্ত কর্মীরা
ছবি: সংগৃহীত

আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’। শুরু থেকে একদিন আগে, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শেষ মুহূর্তের প্রস্তুতির দৃশ্য দেখা গেছে। প্রকাশনা সংস্থার কর্মীরা স্টল সাজানো, বই গোছানো এবং ব্যানার-ফেস্টুন টানানোর কাজে ব্যস্ত ছিলেন।

বিজ্ঞাপন

২৫ ফেব্রুয়ারি সকালে দেখা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে স্টলগুলো সারিবদ্ধভাবে স্থাপন করা হয়েছে। কোথাও কাঠের স্টলের রঙের শেষ প্রলেপ চলছে, কোথাও বইয়ের তাক বসানো হচ্ছে, আবার নতুন প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচনের প্রস্তুতিও চলছে।

স্টলগুলোর সামনে প্রকাশনীর নামফলক ও আলোকসজ্জা দেওয়া হয়েছে। কর্মীরা নতুন ও পুরনো বই শেলফে সাজাচ্ছেন। শিশু-কিশোর কর্নার, গবেষণাধর্মী বই, কথাসাহিত্য ও কবিতার বই আলাদা করে প্রদর্শনের ব্যবস্থাও করা হয়েছে।

বিজ্ঞাপন

মেলার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠ পরিদর্শন করছেন। দর্শনার্থীদের প্রবেশ ও বের হওয়ার পথ আগেই নির্ধারণ করা হয়েছে।

রমনা কালী মন্দির সংলগ্ন এলাকায় পুলিশ কন্ট্রোল রুম, র‌্যাবের স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের অস্থায়ী ক্যাম্প এবং আনসার প্লাটুনের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এছাড়া, দর্শনার্থীদের সুবিধার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ব্রেস্টফিডিং কর্নারও তৈরি করেছে।

এর আগে মেলার প্রস্তুতি ও উদ্বোধন সংক্রান্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলা বেলা ২টায় উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ও বিতরণ করবেন।

বিজ্ঞাপন

মেলা ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত চলবে। ছুটির দিনগুলোতে মেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত, অন্য সব দিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। রাত সাড়ে ৮টার পর নতুন কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না।

এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি স্টল এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি স্টল থাকবে, মোট ইউনিট সংখ্যা ১,০১৮।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD