Logo

শাস্তি নয়, সচেতনতার মাধ্যমে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:১৪
শাস্তি নয়, সচেতনতার মাধ্যমে কাজ করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার জনগণের প্রতিনিধি হিসেবে সবার প্রতিই সমানভাবে দায়বদ্ধ। কাউকে শাস্তি দিয়ে নয়, বোঝানো ও সচেতনতার মাধ্যমে কাজ এগিয়ে নিতে চান তারা।

বিজ্ঞাপন

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর ধলপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশার ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে শুধু সরকারের উদ্যোগে শতভাগ সফলতা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এডিস মশার প্রজননস্থল—ফুলের টব, পুরোনো টায়ার, নারিকেলের খোসা কিংবা ছোট পাত্রে জমে থাকা পানি—এসব পরিষ্কার রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। অনেক ক্ষেত্রে বাড়ির ভেতরে প্রবেশ করে কাজ করতে বাধা দেওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে গণমাধ্যম ও সচেতন মহলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বলেন, আজ থেকে খাল-নালা, ডোবা ও নর্দমা পরিষ্কার এবং ওষুধ ছিটানোর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণসচেতনতা বাড়ানো হবে। প্রয়োজনে পরবর্তী ধাপে জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, তবে প্রথমে উদ্বুদ্ধকরণেই গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যখাতে চলমান ১৮০ দিনের কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এককভাবে সবকিছু করতে পারে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাশিত অগ্রগতি অর্জনের বিষয়ে তারা আশাবাদী।

তিনি আরও জানান, স্বাস্থ্যখাতে জনবল ঘাটতি পূরণে শিগগিরই স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং ওয়ার্কার, মিডওয়াইফ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজন অনুযায়ী নিয়োগের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

সরদার সাখাওয়াত হোসেন বলেন, নেতিবাচক চিন্তা দিয়ে কাজ শুরু করতে চান না। কোথাও সমস্যা দেখা দিলে দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। জনগণকে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি দ্রুত অপসারণে সবার সহযোগিতা কামনা করেন স্বাস্থ্যমন্ত্রী।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD