নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ নৌপরিবহন নিশ্চিতে কঠোর নির্দেশনা নৌমন্ত্রীর

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দেশের অভ্যন্তরীণ নৌপথে নিরাপদ, আরামদায়ক ও দুর্ঘটনামুক্ত যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরসমূহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেেলনে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আমরা সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছি। নিরাপত্তা, শৃঙ্খলা ও সেবার মান নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিজ্ঞাপন
তিনি বলেন, কোনো নৌযানই ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন, ভাড়া বৃদ্ধি কিংবা টিকিট সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি লঞ্চে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফ বয়া ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।
নদীপথে নাব্যতা সংকট নিরসনে জরুরি ভিত্তিতে ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি গুরুত্বপূর্ণ নৌরুটে প্রয়োজনীয় বয়া, মার্কার ও সিগন্যাল লাইট স্থাপন এবং রাতের বেলায় অবৈধ নৌযান চলাচল বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর সদরঘাট-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নদীবন্দরে যাত্রীদের কোনো ধরনের হয়রানি ছাড় দেওয়া হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ঘাট এলাকায় চাঁদাবাজি, দালালচক্র বা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি প্রশাসনকে ঘাটসংলগ্ন সড়কে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ঈদের আগে ও পরে মোট পাঁচ দিন বাল্কহেড (বালগেট) চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীবাহী নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারে।
মন্ত্রী আরও বলেন, সকলকে নিয়মের আওতায় এনে আমরা একটি নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে চাই। এ জন্য যাত্রী, লঞ্চমালিক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য।
বিজ্ঞাপন
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ নদীবন্দরে নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল রুম) চালু থাকবে এবং সার্বক্ষণিক তদারকি জোরদার করা হবে। সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় সেবা ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।








