Logo

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১৫:২৩
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া
ছবি প্রতিনিধি।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে “ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা বিষয়ক মহড়া” ৯ মার্চ সকাল ১১টায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আঙিনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সভার সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে ভূমিকম্প পরবর্তী দুর্যোগে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ এবং উদ্ধার কার্যক্রম প্রদর্শিত হয়। মহড়ায় বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়, যেমন—উঁচু মইয়ের গাড়ির সাহায্যে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ও আটকে পড়া লোকদের উদ্ধার, রোপ স্লাইডিং, রোপ র‌্যাপলিং, রোপ ডিসেন্ডিং এবং জাম্পিং অন এয়ার প্যাকে লাফিয়ে পড়ার মাধ্যমে আত্মরক্ষা, বিধ্বস্ত ভবনে সার্চ করে ভিকটিম লোকেট করা ও প্রবেশপথ তৈরি করে উদ্ধার, প্রাথমিক সুশ্রূষা প্রদান ও গুরুতর আহতদের হাসপাতালে পরিবহন।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনের তত্ত্বাবধানে জোন কমান্ডার তানহারুল ইসলাম। তাঁকে সহযোগিতা করেন জোন কমান্ডার ফয়সালুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। বিপুলসংখ্যক ভলান্টিয়ারও মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ায় পর্যবেক্ষক ছিলেন ফায়ার সার্ভিস অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) একেএম শামসুজ্জোহা। উল্লেখযোগ্যভাবে, মহড়ায় প্রথমবারের মতো ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ভলান্টিয়ার ইউনিট ভ্রাম্যমাণ কমিউনিকেশন স্থাপন করে, যা পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্ত এবং নেপালের সঙ্গে যোগাযোগ সক্ষম হয়।

বিজ্ঞাপন

মহড়া শেষে বক্তব্য দেন ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি; ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডি, পিএসসি, মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স; রেজওয়ানুর রহমান, মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর; এবং মো. সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি তাদের বক্তব্যে মহড়ার গুরুত্ব ও প্রাসঙ্গিকতার ওপর মূল্যবান মতামত ব্যক্ত করেন।

প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এক লাখ ভলান্টিয়ার তৈরির নির্দেশ দিয়েছেন, আমরা তা বাস্তবায়নে কাজ করছি। দেশের অগ্নিনিরাপত্তা বৃদ্ধিতে পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মহড়া অনুশীলনের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

উল্লেখ্য, দুর্যোগ-ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর ১০ মার্চ দেশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো। দিনটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন মহড়া কার্যক্রম এবং গণসংযোগের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD