Logo

সংসদে কাগজ দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে এমপিরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১৫:০০
সংসদে কাগজ দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে এমপিরা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় কাগজ দেখে পড়া যাবে না বলে সতর্ক করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার (১৫ মার্চ) সংসদের অধিবেশনের দ্বিতীয় দিনে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন (হাতপাখা) মনোনীত সংসদ সদস্য মো. অলিউল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

অধিবেশন চলাকালীন সময়ে মো. অলিউল্লাহ কাগজ দেখে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় স্পিকার বলেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া এলাউড নয়। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপর হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন—আগামীতে এটাই আশা করি। এটাই সংসদের নিয়ম।

স্পিকার আরও উল্লেখ করেন, শুধু এই সংসদ সদস্যই নয়, অধিবেশন চলাকালীন আরও কিছু সদস্যকে কাগজ দেখে বক্তব্য দিতে দেখা যায়। আপনার পূর্ববর্তী বক্তাও দেখে দেখে বক্তব্য দিয়েছেন। কিন্তু এটি সংসদের রেওয়াজ নয়। ভবিষ্যতে না দেখে পড়ার অভ্যাস করবেন আপনারা।

বিজ্ঞাপন

স্পিকারের এ নির্দেশনার ফলে কিছু সংসদ সদস্যরা কিছুটা বিপাকে পড়েছেন। কারণ বহু সংসদ সদস্য দীর্ঘ ও বিস্তারিত বক্তব্য প্রস্তুত করে কাগজে লিখে নিয়ে আসেন এবং তা দেখে পড়েই আলোচনায় অংশ নেন। এখন থেকে তাদের সংসদের নিয়ম মেনে নোট দেখে সরাসরি বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই নির্দেশনা কার্যকর হলে সংসদের আলোচনার স্বাভাবিক গতিশীলতা বজায় থাকবে এবং সদস্যরা হাউজে নিজেদের বক্তব্য আরও আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারবেন। তবে এতে কিছু সদস্যের জন্য নতুন অভ্যাসে অভ্যস্ত হওয়া চ্যালেঞ্জের বিষয় হতে পারে।

বিজ্ঞাপন

এতে পরিষ্কার হয়েছে, জাতীয় সংসদের নিয়মাবলীর মধ্যে বক্তব্য প্রদানে সরাসরি মনোযোগ, নোটের সংক্ষিপ্ত ব্যবহার এবং কাগজে লেখা পাঠের উপর নির্ভরতা কমানো গুরুত্বপূর্ণ। এতে সংসদের কার্যক্রমে স্বচ্ছতা এবং প্রাঞ্জলতা বজায় রাখার প্রচেষ্টা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD