আগামী ৪ বছরের মধ্যে চালু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

নারীদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম আগামী চার বছরের মধ্যে রূপান্তরিত হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ডে’। অর্থাৎ সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া হবে এই কার্ড, যা পরিবার ও নারীদের জন্য সম্মানজনক স্বীকৃতি হিসেবে কাজ করবে।
বিজ্ঞাপন
এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রবিবার সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম (Jean Pesme) নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এটি প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে, যা তাদের নাগরিক মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করবে।
বর্তমান ফ্যামিলি কার্ড কার্যক্রমে ইতোমধ্যে ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে সুবিধা দেওয়া হবে।
সাক্ষাৎকালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম ও যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিশ্বব্যাংকের প্রতিনিধি জঁ পেম এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে দেশের নারী প্রধানরা শুধু আর্থিক সহায়তা পাবেন না, বরং এটি একটি সম্মানজনক নাগরিক স্বীকৃতির প্রতীক হিসেবেও কাজ করবে। আমাদের লক্ষ্য হলো, চার বছরের মধ্যে সমাজের প্রতিটি স্তরে এই কার্ড পৌঁছে দেওয়া।








