সংবিধান সংস্কার ইস্যুতে সংসদে আলোচনা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের পঞ্চম দিনের বৈঠক আজ বিকেলে শুরু হচ্ছে। দিনের কার্যসূচিতে সংবিধান সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর্ভুক্ত থাকায় এ অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং সূত্রে জানা গেছে, কার্যসূচির অন্যতম প্রধান বিষয় হিসেবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫-এর অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত ২৯ মার্চ কার্যপ্রণালী বিধির ৬২ বিধির আওতায় এ প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি আলোচনার জন্য আজকের দিন নির্ধারণ করেন।
বিজ্ঞাপন
এদিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বও থাকবে। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
এছাড়া কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত রয়েছে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়েও আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা অধিবেশনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে।








