Logo

এমপিকে ‘জঙ্গি’ বলে সম্বোধন : তদন্তে নোটিশ দেওয়ার নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৯:১৮
এমপিকে ‘জঙ্গি’ বলে সম্বোধন : তদন্তে নোটিশ দেওয়ার নির্দেশ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ ভবন এলাকায় এক সংসদ সদস্যকে ‘জঙ্গি’ বলে ডাকার অভিযোগকে কেন্দ্র করে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার এবং প্রয়োজনীয় তদন্ত প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এ ঘটনার বর্ণনা তুলে ধরেন।

তিনি জানান, গত ৩০ মার্চ একটি জানাজায় অংশ নিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করেন। পরবর্তীতে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

ঘটনাটিকে অত্যন্ত আপত্তিকর উল্লেখ করে হানজালা বলেন, একজন বর্তমান সংসদ সদস্যকে সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ স্থানের আশপাশে এভাবে অপমানজনকভাবে সম্বোধন করা দুঃখজনক এবং এটি সংসদের মর্যাদাকে ক্ষুণ্ন করে। তিনি ধারণা প্রকাশ করেন, তার পরিধেয় পোশাক—বিশেষ করে পাগড়ি ও সাদা পাঞ্জাবি—দেখেই হয়তো এ ধরনের মন্তব্য করা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে ব্যবহৃত পোশাককে কোনোভাবেই উগ্রবাদের প্রতীক হিসেবে দেখানো উচিত নয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিনি স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হোক। এ ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী ও সার্জেন্ট অ্যাট আর্মসের সহায়তা নেওয়ারও প্রস্তাব দেন তিনি। তার মতে, বিষয়টি শুধু ব্যক্তিগত অপমানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সংসদ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদার সঙ্গেও জড়িত।

বিজ্ঞাপন

জবাবে স্পিকার ঘটনাটিকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে জানান, এ বিষয়ে যদি বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়, তবে তা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD