Logo

পাঁচ জেলা-উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি সংসদ সদস্যদের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২২:০২
পাঁচ জেলা-উপজেলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি সংসদ সদস্যদের
ছবি: সংগৃহীত

দেশের ফেনী ও লক্ষ্মীপুর জেলা, রাজধানীর দক্ষিণখানসহ মোট পাঁচটি জেলা ও উপজেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের দাবি তুলেছেন একাধিক সংসদ সদস্য। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনার সময় তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। তিনি নিজ এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুরোধ জানান। পরে তার প্রস্তাবের ওপর সংশোধনী এনে আরও কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ এলাকার জন্য একই ধরনের দাবি তোলেন।

সংশোধনী প্রস্তাব দাতাদের মধ্যে ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, যিনি রাজধানীর দক্ষিণখানে মেডিকেল কলেজ স্থাপনের আহ্বান জানান। একইভাবে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনের আব্দুল আলিম বাগেরহাটে এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য শেরপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।

বিজ্ঞাপন

আলোচনার জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জানান, নতুন মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে শুধু ঘোষণা যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো, দক্ষ শিক্ষক নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হয়। এসব প্রস্তুতি ছাড়া নতুন মেডিকেল কলেজ স্থাপন কার্যকর হয় না বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, বর্তমানে দেশে আটটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদীতে একটি করে এবং ভোলা, শেরপুর ও লক্ষ্মীপুরে পৃথক মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে পর্যাপ্ত অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও সরকার বিবেচনায় নেবে। তার ভাষায়, শুধু মেডিকেল কলেজ স্থাপন করাই নয়, শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় হাসপাতাল ও রোগী ব্যবস্থাও নিশ্চিত করা জরুরি।

পরবর্তীতে মন্ত্রীর আশ্বাসের পর সংশ্লিষ্ট সংসদ সদস্য তার উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করে নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD