জ্বালানি সাশ্রয়ে অফিস চলবে ৯টা-৪টা, মার্কেট ও শপিংমল বন্ধ সন্ধ্যা ৬টায়

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। পাশাপাশি মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে সন্ধ্যা ৬টার মধ্যে।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, সরকারি ও বেসরকারি সব ধরনের অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকেও নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শেষ করতে হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া সরকারি ব্যয় কমাতে বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী তিন মাস কোনো নতুন যানবাহন, জলযান, উড়োজাহাজ কিংবা কম্পিউটার সরঞ্জাম কেনা হবে না। অভ্যন্তরীণ প্রশিক্ষণ অর্ধেকে নামিয়ে আনা হয়েছে এবং নতুন নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিদেশে সরকারি অর্থায়নে প্রশিক্ষণ স্থগিত থাকবে।
সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ কমানো হয়েছে। জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০ শতাংশ। অপ্রয়োজনীয় ভ্রমণও সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা খাতেও নতুন কিছু নির্দেশনা আসবে বলে জানানো হয়েছে, যা শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ক্রমে ঘোষণা করবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়গুলো তুলে ধরা হয়।








