পুলিশে রদবদল : ২ ডিআইজিসহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। দুইজন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি)সহ মোট ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, পুলিশ সদরদপ্তরে দায়িত্ব পালনরত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে একই দপ্তরে টিআর (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। অন্যদিকে সদরদপ্তরে টিআর পদে থাকা ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে।
একই আদেশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তারও দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদেও রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এই রদবদলের মাধ্যমে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।








