চলতি বছরে ৬টি পাটকল লিজ দেওয়া হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

চলতি বছরের মধ্যেই আরও ৬টি পাটকল বেসরকারি খাতে লিজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ মিল ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বর্তমানে বন্ধ থাকা পাটকলগুলোর অবস্থা, নতুন বিনিয়োগের সম্ভাবনা এবং অবশিষ্ট মিলগুলোতে কীভাবে দ্রুত বিনিয়োগ আকর্ষণ করা যায় এসব বিষয় পর্যালোচনার জন্যই এ সভার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, ইতোমধ্যে কিছু পাটকল বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে এবং সেগুলোতে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করেছেন, যা বেশ ইতিবাচক।
এবছর পাটকল লিজ দেওয়া প্রসঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী আরও জানান, আরও ছয়টি পাটকল চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রতিটি মিলেই এক হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করছি। এছাড়া মিলভেদে প্রায় ২০০ কোটি থেকে ৫০০ কোটি টাকা পর্যন্ত নতুন বিনিয়োগ আসবে বলে প্রাথমিক প্রক্ষেপণ রয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের পরিকল্পনা অনুযায়ী অদূর ভবিষ্যতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন সব মিলই পুনরায় উৎপাদনমুখী কার্যক্রমে ফিরবে—কিছু পাট খাতে, আবার কিছু ভিন্ন শিল্পখাতে বিনিয়োগের মাধ্যমে চালু হবে। এর ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন ও আমদানি বিকল্প শিল্প গড়ে উঠবে।
এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, তিনি টেক্সটাইল ও পাটকলগুলো পরিদর্শন করছেন এবং মাঠপর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য বন্ধ পাটকলগুলোকে পুনরুজ্জীবিত করে শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসা।








