Logo

আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, কোন রুটে কত বাড়ল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৩১
আজ থেকেই কার্যকর নতুন বাস ভাড়া, কোন রুটে কত বাড়ল
ফাইল ছবি

ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে বিভিন্ন রুটে কিলোমিটারপ্রতি ভাড়ার হার বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর আওতায় সরকার এই ভাড়া সমন্বয়ের ক্ষমতা প্রয়োগ করেছে। এর ফলে নগর, আন্তঃজেলা ও নির্দিষ্ট আঞ্চলিক রুটগুলোতে আলাদা হারে ভাড়া বৃদ্ধি পেয়েছে।

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে চলাচলকারী বাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আওতাধীন অঞ্চল—নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে।

তবে ভাড়া বৃদ্ধির পরও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সর্বনিম্ন ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা আগের মতোই বহাল থাকবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, এই নতুন ভাড়া কেবল ডিজেলচালিত বাস ও মিনিবাসের জন্য প্রযোজ্য হবে; গ্যাসচালিত যানবাহনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। পাশাপাশি যাত্রীদের সুবিধার জন্য প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে নতুন ভাড়ার তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, যেসব বাসে আরামদায়ক ভ্রমণের জন্য অনুমোদিত আসনসংখ্যা কমিয়ে বিন্যাস করা হবে, সেসব ক্ষেত্রে ভাড়া আনুপাতিকভাবে পুনর্নির্ধারণ করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জসিম উদ্দিন। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হওয়ায় যাত্রীদের নতুন ভাড়া অনুযায়ী যাতায়াত করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD