Logo

বিনামূল্যে আইনি সহায়তা পাবে জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৯:৪১
বিনামূল্যে আইনি সহায়তা পাবে জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবার
ছবি: সংগৃহীত

ন্যায়বিচারে প্রবেশাধিকার আরও সহজ ও মানবিক করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই যোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং গুমের শিকার ব্যক্তি বা তাদের ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে সরকারি আইনি সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান নীতিমালা-২০১৪’-তে সংশোধন আনা হয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। সংশোধনের ফলে আইনি সহায়তার আওতায় নতুন কিছু শ্রেণি যুক্ত হওয়ায় রাষ্ট্রীয় সহায়তার পরিধি আরও বিস্তৃত হচ্ছে।

বিজ্ঞাপন

মূলত আর্থিক সংকট বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে যারা বিচার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়াতেই ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৯ সালে জাতীয় আইনগত সহায়তার প্রধান কার্যালয় প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে দেশের বিভিন্ন স্তরে এই কার্যক্রম ছড়িয়ে পড়ে।

বর্তমানে তৃণমূল পর্যায় পর্যন্ত সরকারি আইনি সহায়তা পৌঁছে গেছে। প্রতি বছর অসংখ্য মানুষ এই সেবা গ্রহণ করছেন। ২০১৪ সালের নীতিমালায় কিছু সংশোধন এনে আগে থেকেই নির্ধারিত আয়সীমার মধ্যে থাকা অসচ্ছল ব্যক্তি, বেকার, কর্মে অক্ষম মানুষ, স্বল্প আয়ের মুক্তিযোদ্ধা ও শ্রমজীবীরা এই সুবিধা পেয়ে আসছেন।

এছাড়া নির্যাতিত নারী ও শিশু, মানবপাচারের শিকার ব্যক্তি, প্রতিবন্ধী, বয়স্ক ভাতাভোগী, অসচ্ছল বিধবা ও দুস্থ নারীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও এই সহায়তার আওতায় রয়েছে। সর্বশেষ সংশোধনের মাধ্যমে জুলাই যোদ্ধা ও গুমের শিকার পরিবারের অন্তর্ভুক্তি এই তালিকাকে আরও সম্প্রসারিত করেছে।

বিজ্ঞাপন

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের সহায়তা দেওয়া হয়েছে। একই সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ৩০ হাজার ১৭৩ জন।

অন্যদিকে, দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস থেকে সহায়তা নিয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে শ্রমিকদের জন্য চালু থাকা আইনি সহায়তা সেল থেকে উপকৃত হয়েছেন ২৯ হাজার ৮২৯ জন।

বিজ্ঞাপন

জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে যোগাযোগ করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন ব্যক্তি আইনি পরামর্শ গ্রহণ করেছেন। এসব সেবা ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর আওতায় সরকারি ব্যয়ে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, বিনামূল্যে আইনি সহায়তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিবছর ২৮ এপ্রিল ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালন করা হয়। এ বছরও দিবসটি যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD