সার উৎপাদন বাড়াতে ৮৭ কোটি টাকার রক ফসফেট আমদানি করবে সরকার

দেশে সার উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৩০ হাজার টন রক ফসফেট আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অনুমোদন দিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়। এতে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৭ কোটি ৩৬ লাখ ২৬ হাজার ৪৫৪ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমদানিকৃত এই রক ফসফেট টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ব্যবহার করা হবে, যা দেশের সার উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পুরো ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, আমদানিকৃত রক ফসফেটের বিপিএল (BPL) মাত্রা কমপক্ষে ৭০ শতাংশ হতে হবে। প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ২২৩ দশমিক ৯০ মার্কিন ডলার। এর মধ্যে এফওবি (FOB) মূল্য ১৬০ ডলার, ফ্রেইট ৬৩ দশমিক ৪০ ডলার এবং কমিশন ০ দশমিক ৫০ ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক Gentred FZE-কে সর্বনিম্ন দরদাতা হিসেবে চিহ্নিত করে সুপারিশ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, এই আমদানির ফলে টিএসপি সার উৎপাদন আরও জোরদার হবে, যা দেশের কৃষিখাতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।








