ফ্যাসিস্ট আমলের সব সার ডিলারদের লাইসেন্স বাতিল: চিফ হুইপ

বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত সব সার ডিলারের ডিলারশিপ বাতিল করেছে বর্তমান সরকার। কৃষকদের ভোগান্তি কমাতে দ্রুত সময়ের মধ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
চিফ হুইপ বলেন, আগের আমলে নিয়োগ পাওয়া অনেক ডিলার নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন। তাদের বিরুদ্ধে সার আত্মসাতের অভিযোগ রয়েছে, যার ফলে প্রান্তিক কৃষকরা প্রয়োজনীয় সার সময়মতো পাচ্ছিলেন না। এ অবস্থার পরিবর্তন আনতেই সরকার ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যাতে কৃষকরা নিরবচ্ছিন্নভাবে সার পেতে পারেন।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় সংসদে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সরকারি দল ও বিরোধী দল থেকে সমসংখ্যক সদস্য রাখা হবে। বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে কমিটি কার্যক্রম পরিচালনা করবে।
সংসদে জ্বালানি সংকট নিরসনে বিরোধীদলীয় নেতার প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন বলেও উল্লেখ করেন তিনি। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সরকার ও বিরোধী দল যৌথভাবে কাজ করে সংকট সমাধানের চেষ্টা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।








