Logo

আর কতদিন তীব্র লোডশেডিং, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৩:৫৪
আর কতদিন তীব্র লোডশেডিং, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে চলমান তীব্র দাবদাহের মধ্যে ঘন ঘন লোডশেডিং জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। অসহনীয় গরমে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নগর থেকে গ্রাম সবখানেই ভোগান্তি চরমে পৌঁছেছে। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা এবং কৃষিখাত সবখানেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে এই সংকট বেশিদিন স্থায়ী হবে না বলে আশ্বাস দিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। বর্তমানে যে তীব্র লোডশেডিং চলছে, তা খুব শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে।

প্রতিমন্ত্রী জানান, ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এতদিন কারিগরি ত্রুটির কারণে প্রতিষ্ঠানটির একটি ইউনিট থেকে স্বাভাবিকের তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল।

বিজ্ঞাপন

এছাড়া আগামী ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের বাঁশখালীর এসএস পাওয়ারের আইপিপি কেন্দ্র থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। এই বিদ্যুৎ যুক্ত হলে সারাদেশে সরবরাহ পরিস্থিতিতে বড় ধরনের স্বস্তি ফিরবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ এপ্রিল থেকেই নতুন করে প্রায় ১,৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর ফলে গ্রাহক পর্যায়ে বিদ্যমান লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

এদিকে, জ্বালানি সংকটের কারণে বন্ধ থাকা আরএনপিএন ইউনিট পুনরায় চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এই ইউনিট সচল হলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানিয়েছেন, সব পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। এতে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং লোডশেডিং অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু আদানি পাওয়ার নয়, বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্রেও প্রযুক্তিগত সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

সরকারের প্রত্যাশা, আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে। এতে দাবদাহের এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

বর্তমান পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সংশ্লিষ্টদের আশা, নতুন বিদ্যুৎ সংযোজন এবং বন্ধ ইউনিটগুলো পুনরায় চালু হলে দেশের বিদ্যুৎ খাতে দ্রুত স্থিতিশীলতা ফিরে আসবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD