Logo

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা: সিটিটিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ১৮:৩১
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কা: সিটিটিসি
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতামূলক তৎপরতা জোরদার করা হয়েছে। এ বিষয়ে পুলিশ সদর দফতর থেকে পাঠানো সতর্কবার্তার তথ্য পাওয়ার কথা নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন জানান, সম্ভাব্য হুমকি নিয়ে তারা ইতোমধ্যে তথ্য পেয়েছেন এবং বিষয়টি নিয়ে তাদের সাইবার ইন্টেলিজেন্স টিম সক্রিয়ভাবে কাজ করছে।

তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোকে নজরদারির আওতায় আনা হয়েছে এবং নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। তবে নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়।

বিজ্ঞাপন

সিটিটিসির এই কর্মকর্তা জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট ইউনিটগুলো প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের হুমকি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম।

পুলিশ সদর দফতরের সাম্প্রতিক সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের অনুসারীরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় সংসদ ভবন-সহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে অধিক সতর্কতার আওতায় রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেফতার হওয়া এক উগ্রবাদী সদস্যের জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তদন্তে তার সঙ্গে চাকরিচ্যুত কয়েকজন সামরিক সদস্যের যোগাযোগের বিষয়টিও সামনে এসেছে বলে জানা যায়। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সিটিটিসির পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের উগ্রবাদী তৎপরতা চিহ্নিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এদিকে রাজধানীর ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ জানিয়েছেন, পুলিশ সদর দফতরের সতর্কবার্তা তারা পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সবসময়ই নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে। বর্তমান পরিস্থিতিতে সেই ব্যবস্থাগুলো আরও কার্যকরভাবে তদারকি করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো সন্দেহজনক কার্যক্রম বা তথ্য সম্পর্কে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে জনসাধারণের সহযোগিতাও প্রয়োজন। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠপর্যায়ে ও প্রযুক্তিগতভাবে নজরদারি অব্যাহত রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD