গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য: আইনমন্ত্রী

গণতন্ত্রের বিকাশ ও সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্রের সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতা ওতপ্রোতভাবে জড়িত, আর তাই দেশের মানুষ একটি স্বাধীন নির্ভীক ও দায়িত্বশীল গণমাধ্যম প্রত্যাশা করে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গত বছরের ১৮ ডিসেম্বর রাতে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করে উদ্বেগ প্রকাশ করেন।
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। তাই গণতান্ত্রিক কাঠামোকে সুসংহত রাখতে হলে সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে। অতীতে যেভাবে গণমাধ্যম বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, তা অনভিপ্রেত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে সাংবাদিকরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন। কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা বাধা ছাড়াই সংবাদমাধ্যম কাজ করতে পারবে—এমন পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, অতীতের এ ধরনের ঘটনাগুলো দেশের জন্য এক ধরনের দুঃখজনক স্মৃতি। সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে একটি ইতিবাচক ও নিরাপদ গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।








