নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে আন্তঃজেলা ও দূরপাল্লার বাসসহ ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বাসরুটে নতুন ভাড়া কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দীর্ঘদিন তালিকা না থাকায় যাত্রীদের মধ্যে যে অনিশ্চয়তা ও ভাড়া নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, নতুন তালিকা প্রকাশের মাধ্যমে তা নিরসনের চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৫ এপ্রিল) বিআরটিএর ওয়েবসাইটে সংশোধিত ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। এতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসভাড়া বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২৩ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। তবে ওই সময় পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা প্রকাশ না করায় বিভিন্ন রুটে ভাড়া নিয়ে বিভ্রান্তি ও অনিয়ম দেখা দেয়। নতুন তালিকা প্রকাশের মাধ্যমে সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রকাশিত তালিকা অনুযায়ী সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। একই রুটে ঢাকা-কক্সবাজারে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা ভাড়া রাখা হয়েছে।
ঢাকা থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বরিশাল রুটে ভাড়া যথাক্রমে ৪৬৪ টাকা ও ৫৯২ টাকা এবং খুলনা রুটে ৫৪১ টাকা ও ৬৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সবচেয়ে দীর্ঘ দূরত্বের রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গাবতলী রুটের ক্ষেত্রে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ২৮১ টাকা করা হয়েছে। একই রুটে রংপুরে ৭৫১ টাকা ও ৯১১ টাকা, দিনাজপুরে ৯৭৪ টাকা ও ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া রাজশাহী, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন রুটেও নতুন ভাড়া ঘোষণা করা হয়েছে, যা আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে।
মহাখালী রুটে ঢাকা থেকে উত্তর-মধ্যাঞ্চলের জেলাগুলোর ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ রুটে ২৯৪ টাকা ও ৩৭৫ টাকা, জামালপুর রুটে ৩৮৬ টাকা ও ৪৯২ টাকা, শেরপুর রুটে ৪২১ টাকা ও ৫৩৭ টাকা এবং কিশোরগঞ্জ রুটে ৪০১ টাকা ও ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। এতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরই ধারাবাহিকতায় পরিবহন খরচ সমন্বয়ের অংশ হিসেবে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করা হয়।
নতুন নির্দেশনায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলা রুটে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং মিনিবাসে ভাড়া কিছুটা বাড়ানো হয়েছে। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।








