Logo

কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: আইজিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ এপ্রিল, ২০২৬, ২১:২২
কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশ বাহিনীর প্রতিটি স্তরে আচরণ ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দিয়ে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সবসময় মনে রাখতে হবে পুলিশ জনগণের সেবক, আর জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।

বিজ্ঞাপন

শনিবার (২৫ এপ্রিল) খুলনা বিভাগের বিভিন্ন ইউনিটের প্রধান ও বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, থানাকে সাধারণ মানুষের জন্য সহজপ্রবেশ্য ও আস্থার জায়গায় পরিণত করতে হবে। সেবাগ্রহীতারা যাতে নির্বিঘ্নে পুলিশি সহায়তা পান, সে পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিজ্ঞাপন

আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দিয়ে তিনি স্পষ্টভাবে বলেন, কোনো অবস্থাতেই ক্ষমতার অপব্যবহার গ্রহণযোগ্য নয়। আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ডিজিটাল পদ্ধতি ও সাইবার ট্র্যাকিং ব্যবহারের সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি।

মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় জনগণের অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইজিপি বলেন, সচেতন নাগরিকদের সম্পৃক্ত করে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এতে অপরাধ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা বা অপরাধ সংঘটিত হলে দ্রুত তদন্ত, সঠিক তথ্য উপস্থাপন এবং তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জবাবদিহিতা ও নিয়মিত তদারকির মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা তুলে ধরেন। আইজিপি মনোযোগ দিয়ে সেগুলো শোনেন এবং সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভূঁইয়া এবং বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা।

বিজ্ঞাপন

এর আগে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পৌঁছালে আইজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে একটি জাবুটিকাবা গাছের চারা রোপণ করেন।

পরে সকালে লবণচরা গুলজান সিটিতে নির্মাণাধীন লবণচরা থানার নতুন ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেন আইজিপি। সেখানে নির্মাণ কাজের অগ্রগতি, মান ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরিদর্শন শেষে থানা প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD