সম্পাদক পরিষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নেতারা। রবিবার (১৭ মে) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠিত এ বৈঠকে গণমাধ্যম, সমসাময়িক জাতীয় ইস্যু এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বিজ্ঞাপন
সম্পাদক পরিষদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক এবং বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং করতোয়ার সম্পাদক মো. মোজাম্মেল হক।
আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন কাতারের শ্রমমন্ত্রী
বিজ্ঞাপন
বৈঠকে দেশের গণমাধ্যম খাতের বর্তমান পরিস্থিতি, সংবাদপত্র শিল্পের নানা চ্যালেঞ্জ, মতপ্রকাশের পরিবেশ, তথ্যপ্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া সরকার ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।
সভা শেষে প্রধানমন্ত্রী সম্পাদক পরিষদের নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও উপস্থিত ছিলেন।








