ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা সরকারের

দেশের সব ভূমি মালিককে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর বা খাজনা আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। বকেয়া থাকলে সেটিও একই সময়ের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। পাশাপাশি জমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে অনলাইন সেবা ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করছে সরকার।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা যাচ্ছে। এ জন্য নাগরিকদের সরকারি ওয়েবসাইট land.gov.bd ব্যবহার করতে হবে। সরকারের লক্ষ্য হচ্ছে ধাপে ধাপে পুরো ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় নিয়ে আসা, যাতে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনলাইনে খাজনা দিতে প্রথমে নির্ধারিত পোর্টালে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত সংক্রান্ত তথ্য যুক্ত করলে স্বয়ংক্রিয়ভাবে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করা যাবে।
বিজ্ঞাপন
ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে পরবর্তীতে আইন অনুযায়ী বকেয়া অর্থের সঙ্গে সুদ যুক্ত হতে পারে। তাই ৩০ জুনের আগেই সব বকেয়া ও চলতি বছরের খাজনা পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি অর্থবছর ৩০ জুন শেষ হওয়ায় এ সময়ের মধ্যেই রাজস্ব হিসাব সম্পন্ন করা হয়। এ কারণে জমি সংক্রান্ত ভবিষ্যৎ জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে খাজনা পরিশোধকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইন সেবা চালুর ফলে এখন আর ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হচ্ছে না। এতে সময় ও খরচ দুটোই কমছে। একই সঙ্গে ভূমি কর আদায়ে স্বচ্ছতা বাড়ছে এবং দালাল বা মধ্যস্বত্বভোগীদের প্রভাবও কমছে।
ভূমি মন্ত্রণালয় আশা করছে, ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের হার বাড়লে ভূমি ব্যবস্থাপনায় আরও জবাবদিহি নিশ্চিত হবে এবং সাধারণ মানুষ সহজেই নিজেদের জমির তথ্য ও কর সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।








