Logo

হার্ট ফাউন্ডেশনের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৯:২৫
হার্ট ফাউন্ডেশনের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পেরেছে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, দেশে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় হৃদরোগসংক্রান্ত সচেতনতা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি যেভাবে কাজ করেছে, অন্য কোনো প্রতিষ্ঠান সে মাত্রায় সফল হতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আয়োজিত এক গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চিফ হুইপ। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—‘একসাথে রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নীরব ঘাতক জয় করি’।

চিফ হুইপ বলেন, বর্তমানে বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হৃদরোগ। প্রতিদিন অসংখ্য মানুষ হৃদরোগ ও হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারাচ্ছেন। একজন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করলেও হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হতে পারেন। তাই হৃদযন্ত্র সুস্থ রাখতে সবাইকে সচেতন জীবনযাপনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃদযন্ত্র, যা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যায়। এই অঙ্গের সুস্থতা রক্ষায় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই।

সেমিনারে বক্তব্য দিতে গিয়ে হার্ট ফাউন্ডেশনের শুরুর দিনের স্মৃতিচারণও করেন চিফ হুইপ। তিনি বলেন, প্রতিষ্ঠানটির সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একসময় এখানে কোনো ভবন ছিল না, খোলা জায়গায় বসেই চিকিৎসাসেবা দেওয়া হতো। সেই প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ হৃদরোগ চিকিৎসা ও সচেতনতামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক করে তিনি বলেন, অতিরিক্ত তেল ও লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করতে হবে। সুস্থ জীবনযাপন হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞাপন

দেশে খাদ্যে রাসায়নিক ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার মতে, পেস্টিসাইড, রাসায়নিক সার ও হাইব্রিড খাদ্যের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। বিশেষ করে শিশুদের মধ্যে কিডনি জটিলতার হার বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বাজারে মাছ, মুরগির মাংস ও শাকসবজিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী লাভের আশায় নিম্নমানের ও ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করছেন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

সেমিনারে জানানো হয়, উচ্চ রক্তচাপ হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের অন্যতম প্রধান ঝুঁকিপূর্ণ কারণ। এ বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে তথ্য ছড়িয়ে দিতে প্রতি বছর ১৭ মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়। ওয়ার্ল্ড হাইপারটেনশন লীগ এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব হাইপারটেনশনের উদ্যোগে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে চিফ হুইপ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল (রিজভী)। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সোহেল রেজা চৌধুরী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD