Logo

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ মে, ২০২৬, ১৯:৩১
দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রবিবার (১৭ মে) সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন। তার এ সফরকে বাংলাদেশ-কাতার সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকায় পৌঁছানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

দোহাস্থ বাংলাদেশ দূতাবাস এক বার্তায় জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এ সফর দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণসংক্রান্ত বিষয়ে আলোচনা সফরের অন্যতম প্রধান অগ্রাধিকার হতে পারে।

বিজ্ঞাপন

সফরকালে ড. আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ওই বৈঠকে কাতারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা, নিরাপত্তা, দক্ষ জনশক্তি নিয়োগ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে কাতারের শ্রমমন্ত্রীর এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ বর্তমানে উপসাগরীয় অঞ্চলে শ্রমবাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে কাতারে কর্মরত বাংলাদেশিদের স্বার্থ রক্ষা এবং নতুন শ্রমবাজারের সুযোগ বাড়ানো নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কাতারে আরও বেশি দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশের শ্রম ও কর্মসংস্থান খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

কাতার বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের অন্যতম বড় কর্মক্ষেত্র। দেশটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাই কাতারের শ্রমমন্ত্রীর এ সফরকে জনশক্তি রপ্তানি ও কূটনৈতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD