ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের বৈঠক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, গণতন্ত্র, মানবাধিকার, নারী নেতৃত্ব ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধের পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে বন্ধুত্বপূর্ণ অবস্থান নেয় ফ্রান্স। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ফ্রান্স বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
গণতন্ত্র প্রসঙ্গে স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার নানা চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের আত্মত্যাগের কথাও তুলে ধরেন স্পিকার।
এদিকে, ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়ে দুই পক্ষই ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তারা মনে করেন, এ ধরনের চুক্তি হলে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
বিজ্ঞাপন
আলোচনায় জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়ন, সংসদীয় কূটনীতি জোরদার, নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা নিয়েও মতবিনিময় হয়।
এ সময় স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের আগামী অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থিতার পক্ষে ফ্রান্সের সমর্থন কামনা করেন। অন্যদিকে, রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হাফিজ উদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান।
বিজ্ঞাপন
সাক্ষাৎ অনুষ্ঠানে ফরাসি দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।








