নজরুল উৎসবে যোগ দিতে ত্রিশালের পথে প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উৎসবে অংশ নিতে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) সকাল ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি ত্রিশালের পথে যাত্রা করেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিশালে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসব। ২৩ থেকে ২৫ মে পর্যন্ত চলবে এ আয়োজন। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফর ঘিরে পুরো এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অতিরিক্ত সেনাসদস্যও মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব ও এসএসএফ সদস্যদের তৎপরতায় উপজেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। নজরুল একাডেমি প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে বড় প্যান্ডেল এবং আয়োজন করা হয়েছে নজরুল মেলার।








