Logo

ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুরে স্বস্তি, কম ছিল যাত্রীর চাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মে, ২০২৬, ১১:২৮
ঈদযাত্রার প্রথম দিনে কমলাপুরে স্বস্তি, কম ছিল যাত্রীর চাপ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে রাজধানী ঢাকা থেকে।

বিজ্ঞাপন

শনিবার (২৩ মে) ভোর ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে এবারের ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গন্তব্যে আরও কয়েকটি ট্রেন কমলাপুর রেলস্টেশন ত্যাগ করে।

সকাল ১০টা পর্যন্ত অন্তত ছয়টি ট্রেন স্টেশন ছেড়ে গেলেও বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে ছেড়ে যায়। কোথাও ১৫ মিনিট, আবার কোথাও আধাঘণ্টা পর্যন্ত বিলম্ব লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছেড়ে যায় সকাল সাড়ে ৯টায়। একইভাবে জামালপুর এক্সপ্রেসও নির্ধারিত সময়ের পর স্টেশনে অবস্থান করতে দেখা যায়।

এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে যান বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং অনলাইনে টিকিট সংগ্রহ, আসন ব্যবস্থা ও যাত্রাসেবার মান নিয়ে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

যাত্রীরা জানান, ঈদযাত্রার প্রথম দিনে অতিরিক্ত ভিড় না থাকায় টিকিট অনুযায়ী আসনে বসতে তেমন কোনো সমস্যা হয়নি। তবে কয়েকজন যাত্রী ট্রেনের ফ্যান বিকল, কিছু সিট ভাঙা এবং টয়লেট অপরিষ্কার থাকার অভিযোগ তুলে সেবার মান উন্নয়নের দাবি জানান।

রেলওয়ের মহাপরিচালক যাত্রীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD