Logo

প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জুন, ২০২৬, ১১:১৭
প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ একাধিক দেশ থেকে পেয়েছিলেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি পাঠান। একই সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও তাকে দেশটি সফরের আহ্বান জানান। পরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছ থেকেও বেইজিং সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ আসে।

বিজ্ঞাপন

তবে ভারত কিংবা চীন নয়, সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তারেক রহমান। এ উপলক্ষে আগামী ২১ ও ২২ জুন কুয়ালালামপুরে দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য অনুযায়ী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণেই এই সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করে জানা গেছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি দিয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি আয়োজনের বিষয়ে কথা চলছে।

বিজ্ঞাপন

এই সফরের আলোচ্যসূচি এবং বিস্তারিত কর্মসূচি এখনও ঠিক হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের দিকে এগুলো চূড়ান্ত হতে পারে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD