এই বিজয় বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়: ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে জয়ী হয়ে দেশে ফিরে এ সাফল্যকে বাংলাদেশের এবং দেশের গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই অর্জন দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য উৎসর্গ করা হলো।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের প্রধানের দৃঢ় সমর্থন ও সহযোগিতার কারণেই এ বিজয় সম্ভব হয়েছে। সরকারের সমর্থন না থাকলে দীর্ঘ সময়ের প্রস্তুতির প্রয়োজন হয় এমন একটি পথ অল্প সময়ের মধ্যে অতিক্রম করা সম্ভব হতো না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থাকবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব একসঙ্গে পালনের নজির অতীতেও রয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, প্রায় চার দশক আগে হুমায়ুন রশীদ একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাই দুই দায়িত্ব একসঙ্গে পালনে কোনো বাধা নেই বলেও উল্লেখ করেন তিনি।








