হজ শেষে দেশে ফিরেছেন ৩২ হাজারের বেশি বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ধীরে ধীরে দেশে ফিরছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২ জন হাজি নিরাপদে দেশে পৌঁছেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিনে জানানো হয়েছে, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন।
ফিরতি ফ্লাইট পরিচালনায় বিভিন্ন বিমান সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ১১ হাজার ৫৭৯ জন হাজি। সৌদি এয়ারলাইনস পরিবহন করেছে ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ফ্লাইটে ফিরেছেন ৭ হাজার ৭০০ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৯৯৪ জন হজযাত্রী।
বিজ্ঞাপন
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৫০০ জনের বেশি মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছেন। হজযাত্রীদের সৌদি আরবে গমন শুরু হয় গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।
হাজিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ পর্যন্ত হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে ৫৭ হাজার ২০২টি প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫ জন হজযাত্রীকে বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হজ বুলেটিনে আরও উল্লেখ করা হয়, অসুস্থতার কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৩৬০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৩ জন হাজি সেখানে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ করছেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্নে দেশে ফেরানোর লক্ষ্যে বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমান সংস্থা ও অন্যান্য কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে প্রত্যাবর্তন কার্যক্রম শেষ হবে।








