৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের মূল্য সমন্বয় করা হলেও সরকারের বিশেষ উদ্যোগের কারণে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ওপর এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যেসব গ্রাহক মাসে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের জন্য আগের বিদ্যুৎ মূল্যই বহাল রাখা হয়েছে। ফলে দেশের নিম্ন আয়ের এবং নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক গ্রাহক সরাসরি এই সুবিধার আওতায় থাকবেন এবং তাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে না।
শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে দুর্নীতি ও মানি লন্ডারিংসহ বিগত সরকারের আমলের নানা অপরাধের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী বলেন, দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে বর্তমান সরকার। আগের সরকারগুলো উৎপাদনমুখী নীতির চেয়ে আমদানি-নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। তৎকালীন সময়ে যদি আমদানি-নির্ভরতার চেয়ে উৎপাদনমুখী নীতি গ্রহণ করা হতো, তাহলে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান সংকটময় পরিস্থিতি তৈরি হতো না। সংকট মোকাবিলায় সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন








