১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফরকে ঘিরে ইতোমধ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে যাবেন। সেখানে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সঙ্গে এক পথসভায় অংশ নেবেন।
এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন। সেখানে সংরক্ষিত মালুমঘাট বনাঞ্চলে বৃক্ষরোপণের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদের পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
এছাড়া সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় সরকার ও অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে এ দুটি প্রকল্পকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
বিজ্ঞাপন
জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকতের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। পরে রাতে শহরের লং বিচ হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বুধবার বিকেলে বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণের নির্ধারিত স্থান, চকরিয়া পৌর বাস টার্মিনালের জনসভা মাঠ এবং পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপনের এলাকা ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট নেতাকর্মী ও আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
বিজ্ঞাপন
পরিদর্শন শেষে শাহজাহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর কক্সবাজার জেলার উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি দেবে। সফরের প্রতিটি আয়োজন সফল করতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সফরটি স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বিজ্ঞাপন
সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।








