আগামী ৭ বছরে বাস্তবায়ন হবে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে আগামী সাত বছরের মধ্যে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।
নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বিজ্ঞাপন
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নকে লক্ষ্য করে আগামী সাত বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি উপকৃত হবে। চারটি বিভাগের ১৯ জেলার ১২০টি উপজেলা এ সুবিধার আওতায় আসবে।
এ ছাড়া উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
এর আগে গত ৬ এপ্রিল জাতীয় সংসদে পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছিলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পদ্মা নদীতে ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
প্রস্তাবিত প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা।
বিজ্ঞাপন
পানি সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সেচ সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং লবণাক্ততা প্রতিরোধে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
তিনি আরও বলেন, জলাবদ্ধতা দূর করা, সেচ সুবিধা বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বর্তমানে ৬ হাজার ৫৯৮ কিলোমিটার খাল খননের কাজ চলমান রয়েছে।








