Logo

জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ জুন, ২০২৬, ১১:৫২
জুনের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরাম-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি ১৯৭৭ ও ১৯৮০ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেই সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের শক্ত ভিত্তি তৈরি হয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর ১৯৯১ ও ২০০২ সালের চীন সফরও দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক প্রতিষ্ঠার উদ্যোগে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

বৈশ্বিক জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উন্নয়নশীল দেশগুলোর ঋণের চাপ এবং আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতার মতো চ্যালেঞ্জের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, এসব সমস্যা কোনো একক দেশের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। তাই আঞ্চলিক সহযোগিতা এখন সময়ের দাবি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ডিজিটাল ও অর্থনৈতিক বহুমুখী উদ্যোগ, আন্তসীমান্ত অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য করিডর, ডিজিটাল হাইওয়ে, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন এবং তরুণদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক সংযোগ বাড়াতে হবে। এর মাধ্যমে বৈশ্বিক নানা সংকট মোকাবিলা আরও কার্যকর হবে।

ফোরামে অংশ নেওয়া বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত আসনের স্বতন্ত্র সংসদ সদস্য জেসমিন সুলতানা জুঁই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD