বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বাংলাদেশে যোগ দিয়েছেন দিনেশ ত্রিবেদী। স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে তিনি শুক্রবার (১২ জুন) দুপুরে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
বিজ্ঞাপন
ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সীমান্তে পৌঁছালে ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে দম্পতিকে উষ্ণ অভ্যর্থনা জানান।
গত এপ্রিলের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জন্য ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। তিনি ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হলেন।
বিজ্ঞাপন
৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকারের সময়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি রেল ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রেল বাজেট উপস্থাপনের সময় যাত্রীভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে ২০১২ সালে দলীয় নেতৃত্বের বিরাগভাজন হয়ে তিনি মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন।
তিনি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি।
বিজ্ঞাপন
২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে পরের মাসেই বিজেপিতে যোগ দেন দিনেশ ত্রিবেদী।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশ সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে—এমন সময়ই একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।








