বাজেটে নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী টুকু

চলতি বাজেটে বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, তা বাস্তবভিত্তিক এবং দেশের সাধারণ মানুষের কল্যাণে প্রণীত। শুক্রবার (১২ জুন) সকালে টাঙ্গাইলের জরাজীর্ণ ভাসানী হল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
বিজ্ঞাপন
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ভাসানী হল টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ স্থাপনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই হলটি উদ্বোধন করেছিলেন। তিনি আরও বলেন, একসময় টাঙ্গাইলকে সাংস্কৃতিক নগরী বলা হতো, আর এই ভাসানী হল ছিল সেই সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র।
তিনি জানান, এই মিলনায়তনকে কেন্দ্র করে একসময় নাটক, সংগীত, সাহিত্য আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন নিয়মিত হতো, যার ফলে টাঙ্গাইল সারাদেশে সাংস্কৃতিক নগরী হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে দীর্ঘদিন যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে ভবনটি এখন তার ঐতিহ্য ও সৌন্দর্য হারিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, অতীত সরকারের সময়ে ঐতিহাসিক এই স্থাপনাটি অবহেলায় পড়ে ছিল, যার ফলে ভবনটির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যায় এবং সাংস্কৃতিক কার্যক্রমও বন্ধ হয়ে যায়। সরকার এখন এই ঐতিহ্যবাহী স্থাপনাটিকে পুনরুজ্জীবিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ভাসানী হল প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী। তার স্মৃতি সংরক্ষণে ভবনটি সংস্কার করা হবে এবং সবার সহযোগিতায় টাঙ্গাইলকে আধুনিক ও মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








