দুই ফুট পানির নিচে রেললাইন, কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ এখনও পানির নিচে থাকায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে না বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বিজ্ঞাপন
বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে যাত্রী নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছালেও সেখান থেকে কক্সবাজারে যেতে পারেনি। প্রতিকূল পরিস্থিতির কারণে ট্রেনটির পরবর্তী যাত্রা বাতিল করা হয় এবং পরে সেটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে বুধবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস বর্তমানে চট্টগ্রাম রেলস্টেশনে অপেক্ষমাণ রয়েছে। ষোলশহর-জানআলীহাট সেকশনের রেললাইনের ওপর জমে থাকা পানি নিরাপদ পর্যায়ে না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের দিকে ছেড়ে দেওয়া হবে না।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। তবে বর্তমানে আবহাওয়ার অবস্থা এবং রেললাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী চট্টগ্রাম স্টেশনে আটকা পড়েছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ রেলওয়ে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে।
যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত কাউন্টার থেকে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত নিতে পারবেন। এছাড়া যারা ঢাকায় ফিরে যেতে ইচ্ছুক, তাদের জন্য বিকেল ৪টায় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সুযোগ রাখা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এই অনিবার্য পরিস্থিতির জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সড়ক, রেল ও বিমান যোগাযোগেও। বিশেষ করে কক্সবাজারমুখী যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি পুরোপুরি সরে গেলে প্রকৌশলীরা ট্র্যাকের নিরাপত্তা পরীক্ষা করবেন। সবকিছু সন্তোষজনক হলে এরপরই কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার এবং রেলওয়ের পরবর্তী নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।








