Logo

নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই, ২০২৬, ১২:১২
নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সদর দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তান, ভিয়েতনাম এবং জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এসব বৈঠকে মাদক দমন, আইন-শৃঙ্খলা সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, মানবপাচার প্রতিরোধ, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নিরাপত্তাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে জানানো হয়, চলমান আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী পৃথকভাবে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণবিষয়ক ফেডারেল মন্ত্রী সৈয়দ মহসিনের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তথ্য আদান-প্রদান, অভিজ্ঞতা বিনিময় এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতা ও মানবিক সমস্যা দেখা দিচ্ছে, সেই বিষয়টিও পাকিস্তান সরকারের নজরে আনেন। তিনি সমস্যাটির কার্যকর ও মানবিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যদিকে ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উপমন্ত্রী সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল নগুয়েন ভ্যান লংয়ের সঙ্গে বৈঠকে অভিবাসন ব্যবস্থাপনা, কনস্যুলার সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবপাচার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে বিস্তৃত আলোচনা হয়।

ভিয়েতনামের উপমন্ত্রী এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একই সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমন এবং নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা এবং ভবিষ্যৎ অগ্রাধিকারের বিষয় তুলে ধরেন।

বৈঠকে তিনি বিশেষভাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি উল্লেখ করে বলেন, মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত সহযোগিতা প্রয়োজন। এ সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশ যে বড় ধরনের মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ বহন করছে, সেটিও তিনি তুলে ধরেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোজমেরি এ. ডি-কার্লো বাংলাদেশের গঠনমূলক, দায়িত্বশীল এবং ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ধারাবাহিক অবদানকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের স্থায়ী মিশনের তথ্য অনুযায়ী, এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সম্প্রসারণ, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। কূটনৈতিক এই বৈঠকগুলো ভবিষ্যতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD