Logo

বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৩ জুলাই, ২০২৬, ১৬:১৩
বরিশালে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়াস্থলে গিয়ে তিনি সেনাসদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম, যুদ্ধকালীন প্রস্তুতি এবং আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকার মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিস্তীর্ণ জঙ্গল এলাকায় পায়ে হেঁটে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শনের সময় দুর্গম ও ঘন জঙ্গলে সেনাসদস্যদের অবস্থান, চলাচল এবং কৌশলগত অনুশীলন পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা মহড়ার বিভিন্ন দিক এবং সেনাবাহিনীর প্রস্তুতি সম্পর্কে তাকে বিস্তারিত জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মহড়াকালে শত্রুপক্ষের ড্রোন শনাক্ত ও প্রতিরোধে ব্যবহৃত অ্যান্টি-ড্রোন মাল্টি-ব্যারেল সিস্টেমের কার্যক্রমও প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রযুক্তির কার্যপদ্ধতি এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে তাকে অবহিত করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের একপর্যায়ে প্রধানমন্ত্রী সেনাসদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ নিয়ে সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য যুদ্ধক্ষেত্রের পরিবেশে তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা খাবারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মোমের আগুনে রান্না করা ভাত, ডাল, আলুভর্তা, চিংড়ি মাছ ও ডিমের তরকারি তাকে পরিবেশন করা হয়।

পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। জাতীয় সংকট মোকাবিলা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটি বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের পরিচয় দিয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সেনাসদস্যদের শৃঙ্খলা, দক্ষতা, আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা দেশের মানুষের কাছে বাহিনীর মর্যাদা আরও বাড়িয়েছে। এই আস্থা অটুট রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পেশাদার প্রশিক্ষণ এবং সর্বোচ্চ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তিনি একটি সেনা পরিবারে বেড়ে উঠেছেন। তাই সেনাসদস্যদের সঙ্গে দেখা হলে তাঁর শৈশবের নানা স্মৃতি মনে পড়ে এবং তাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলেও আরও সুনাম, মর্যাদা ও পেশাগত স্বীকৃতি অর্জন করবে। এ লক্ষ্যে বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও জানান।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD