বাংলাদেশ সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ বাংলাদেশ সফরে আসছেন। যদিও সফরের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, তবে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সুবিধাজনক সময়ে ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে এই সম্ভাব্য সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সৌদি যুবরাজের বাংলাদেশ সফর নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রস্তুতিমূলক কাজ চলছে। সফরের সম্ভাব্য সময়সূচি ও আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারণে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, মোহাম্মদ বিন সালমানের এই সফর বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সফরের আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বর্তমানে সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজারগুলোর একটি। দেশটিতে লাখো বাংলাদেশি কর্মরত রয়েছেন। সম্ভাব্য এই সফরে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ আরও বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বাংলাদেশে সৌদি বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিত করা এবং অবকাঠামো, জ্বালানি, শিল্প ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনাও গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি যুবরাজের সফর হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
গত ৬ জুলাই সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। ওই বৈঠকে সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরে সৌদি যুবরাজ তার পাঠানো চিঠিতে ওই আমন্ত্রণ গ্রহণ করার কথা জানান এবং সুযোগ-সুবিধা অনুযায়ী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
সেদিন সৌদি রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও শিগগির বাংলাদেশ সফর করতে আগ্রহী। পাশাপাশি সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদলও বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে অদূর ভবিষ্যতে ঢাকায় আসতে পারে।
একই দিনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানেরও সৌদি আরব সফরের প্রস্তুতি চলছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সফর কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে এবং বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিজ্ঞাপন
এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নতুন একটি আমন্ত্রণ এসেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ২০২৭ সালের মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তাবিষয়ক এই সম্মেলন ২০২৭ সালের ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখ শহরের বায়ারিশার হফ ও রোজউড হোটেলে অনুষ্ঠিত হবে। সেখানে আন্তর্জাতিক নিরাপত্তা, বৈশ্বিক সংকট, পররাষ্ট্রনীতি এবং ভূরাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী, গবেষক, গণমাধ্যম প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতারা অংশ নেন। আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে মতবিনিময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে সম্মেলনটি দীর্ঘদিন ধরে পরিচিত।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, সৌদি যুবরাজের সম্ভাব্য বাংলাদেশ সফর এবং দুই দেশের উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে পারে। একই সঙ্গে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।








