Logo

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তারের পরই রায় কার্যকর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ২০:২৯
শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তারের পরই রায় কার্যকর
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের পর আদালতের রায় কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিক আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে সরকার নয়। আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত বলে সরকারের অবস্থান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচার করার বিধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, অতীতের বিভিন্ন ঘটনার জন্য আওয়ামী লীগ বা দলটির নেতৃত্বের পক্ষ থেকে অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো উদ্যোগ দেখা যায়নি। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে বিরূপ মন্তব্যেরও সমালোচনা করেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার দায়িত্ব দেশের সব মানুষের। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, গণতন্ত্রকে টেকসই করতে রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে এবং বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে নির্বাচনি ইশতেহার প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি ‘জাতীয় জুলাই সনদ’-এ থাকা অঙ্গীকারগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ আন্দোলনের মূল শক্তি ছিল দেশের সাধারণ মানুষ। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। এছাড়া স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD