রবিবার প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সফরের কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী কক্সবাজারের মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।
এরপর দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিয়ে ত্রাণ বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুপুর ১টার দিকে ফটিকছড়িতে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন।
বিজ্ঞাপন
সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়ার কথা রয়েছে তার।
তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বৈঠক
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক প্রস্তুতি চলছে। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে সাংগঠনিক সভা করবেন তারেক রহমান।
সভায় তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধানমন্ত্রী। তাদের বক্তব্য ও মতামত শুনে দলীয় কর্মকাণ্ড নিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিতে পারেন তিনি। এ ধরনের উদ্যোগকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণের বিষয়েও তিনি নির্দেশনা দিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বন্যার সময় দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও পার্বত্য চট্টগ্রামে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দলীয় সাংগঠনিক সভা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের দলের প্রাণ হিসেবে বিবেচনা করেন তারেক রহমান। এবার চট্টগ্রামের তিন সাংগঠনিক ইউনিটের বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি সরাসরি মতবিনিময় করবেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জানান, প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চট্টগ্রামের নেতাকর্মীদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের দায়িত্বশীল নেতারা এতে অংশ নেবেন। দীর্ঘদিন দলের দায়িত্ব পালন করা পদবিহীন কয়েকজন জ্যেষ্ঠ নেতাকেও সভায় আমন্ত্রণ জানানো হবে।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, বাঁশখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তরের কর্মসূচি রয়েছে। সেখানে কোনো জনসভা না থাকলেও প্রধানমন্ত্রীকে দেখতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হতে পারেন। বিষয়টি বিবেচনায় রেখে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পুরো টিম কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।








