Logo

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২৬, ১৫:১৪
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের অন্যতম বড় অর্জন হলো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করা। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের ব্যাপক সমর্থন দেখা গেছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় যেসব জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেসব কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। জনগণের আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকারের পেছনে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদবিরোধী দেড় দশকের আন্দোলনে গুম, খুন, হামলা ও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা ঘটনার মধ্যেও বিএনপির নেতৃত্বে বিভিন্ন গণতন্ত্রকামী রাজনৈতিক দল রাজপথে ছিল। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণতন্ত্রপন্থি রাজনৈতিক দলগুলো জুলাই গণঅভ্যুত্থানে একত্রিত হয়ে ফ্যাসিবাদের পতন ঘটায়।

মাহদী আমিন বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানবাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত থাকবে। সরকারের কার্যক্রমে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গত ছয় মাসে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার চেষ্টা করা হয়েছে। কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অনেক ক্ষেত্রে বাকস্বাধীনতার সীমাও অতিক্রম করা হয়েছে, উসকানি ও অশোভন আচরণের ঘটনাও ঘটেছে। তবে সরকার সর্বোচ্চ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

সংসদ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, বর্তমান সংসদে প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত আলোচনা হচ্ছে। সংসদ সদস্যরা পরস্পরের বক্তব্যের সমালোচনা ও বিশ্লেষণ করছেন এবং বিভিন্ন বিষয়ে যুক্তিসংগত মতামত তুলে ধরছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার গঠনের পর দেশের ইতিহাসে নজিরবিহীনভাবে সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশ আইনে রূপান্তর করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই এসব কার্যক্রম নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD