বিভাগ-জেলা-উপজেলার সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার অধীনে থাকা সব বিদ্যমান কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। একই সঙ্গে পুনর্গঠিত কমিটিগুলোর তথ্য আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে একটি চিঠি জারি করে প্রধানমন্ত্রীর কার্যালয়। চিঠিতে স্বাক্ষর করেছেন পরিচালক-২ মো. আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন ও পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিক কমিটি গঠন করা হয়েছে। তবে পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির বড় একটি অংশ কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে তা আর হালনাগাদ নেই। আবার কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সম্পর্কিত তথ্যও পাওয়া যাচ্ছে না।
এ কারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে প্রয়োজনীয় তথ্য হালনাগাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নতুন করে কমিটি গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ আরও কার্যকর করার কথা বলা হয়েছে।
বিজ্ঞাপন
কমিটিতে থাকবেন তিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
নির্দেশনা অনুযায়ী, পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী থাকা বাধ্যতামূলক।
সংশ্লিষ্ট কমিটির সভাপতি অথবা আহ্বায়ক ওই তিনজন ব্যক্তিকে মনোনয়ন দেবেন। ফলে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্বকে কমিটির কাঠামোর মধ্যে আরও গুরুত্ব দেওয়ার সুযোগ তৈরি হবে।
বিজ্ঞাপন
চিঠিতে আরও বলা হয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করতে হবে। এর পাশাপাশি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার অধীনে বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে থাকা অন্যান্য বিদ্যমান কমিটিও একই প্রক্রিয়ার আওতায় আনতে হবে।
সব কমিটির পুনর্গঠন ও হালনাগাদ কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিষয়টি অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর স্থানীয় পর্যায়ের সরকারি কমিটিগুলো পুনর্গঠনের এ উদ্যোগের ফলে সরকারি কার্যক্রমে স্থানীয় অংশীজনের প্রতিনিধিত্ব, পারস্পরিক সমন্বয় এবং জবাবদিহিতা আরও কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।








