Logo

র‌্যাবের নাম বদলে এসআরবি, অপরিবর্তিত থাকল লোগোর নকশা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৫৫
র‌্যাবের নাম বদলে এসআরবি, অপরিবর্তিত থাকল লোগোর নকশা
ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন যাত্রা শুরু করেছে বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশ।

বিজ্ঞাপন

তিনি জানান, এসআরবি গঠনের আইন অনুযায়ী প্রজ্ঞাপন জারি হয়েছে এবং বুধবার থেকেই নতুন নামে বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে।

নতুন নাম চালু হলেও বাহিনীর লোগোর নকশায় কোনো পরিবর্তন করা হয়নি। বুধবারের সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রে ব্যবহৃত লোগোতে ‘র‌্যাব’ শব্দের পরিবর্তে ‘এসআরবি বাংলাদেশ’ লেখা হয়েছে। বাহিনীর বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও নতুন নামের লোগো ব্যবহার করা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়। এর মাধ্যমে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের আইনি ভিত্তি তৈরি হয়। পরদিন প্রজ্ঞাপন জারির পর আইনটি কার্যকর হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নতুন আইনে এসআরবিতে র‌্যাবের জনবল, সম্পদ, স্থাপনা, অর্থ, নথি ও অন্যান্য সম্পদ হস্তান্তরের বিধান রাখা হয়েছে। অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও সম্পত্তি জব্দের ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন ইউনিটকে। পাশাপাশি সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ও অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য একটি অভিযোগ নিষ্পত্তি কমিটির ব্যবস্থাও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এসআরবি পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে। এর মহাপরিচালক হবেন অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বা তার চেয়ে উচ্চপদস্থ একজন কর্মরত পুলিশ কর্মকর্তা। নতুন ইউনিটের নিজস্ব পতাকা, প্রতীক ও নির্ধারিত পোশাক থাকার বিধানও আইনে রয়েছে।

সংসদে বিলটি পাসের সময় বিরোধী দলের কয়েকজন সদস্য আপত্তি জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, র‌্যাবের জনবল, সম্পদ ও কাঠামোর বড় অংশ এসআরবিতে স্থানান্তর করা হলে এটি কার্যত পুরোনো বাহিনীর ধারাবাহিকতা তৈরি করতে পারে। সরকার অবশ্য বলেছে, র‌্যাব বিলুপ্ত করেই নতুন আইনের অধীনে এসআরবি গঠন করা হয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ অপচয় ঠেকাতেই বিদ্যমান সম্পদ নতুন ইউনিটে হস্তান্তর করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

২০০৪ সালে র‌্যাব গঠনের পর আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীটির বিভিন্ন অভিযান আলোচিত হওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। ২০২১ সালের ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র র‌্যাব ও এর তৎকালীন সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়।

র‌্যাব বিলুপ্তির দাবিও বিভিন্ন সময়ে রাজনৈতিক ও নাগরিক পরিসরে উঠে আসে। নতুন আইন প্রণয়নের মাধ্যমে সেই বাহিনীর পরিবর্তে এখন পুলিশের অধীনে এসআরবি কার্যক্রম শুরু করল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD