নির্বাচনি ব্যয়ের নিয়ম বদলাল ইসি, দিতে হবে এজেন্টের হিসাবও

নির্বাচনি ব্যয়ের হিসাব দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব নম্বরও অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধনী আনা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞাপন
ইসির সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এর তৃতীয় অংশে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য প্রার্থীর ব্যাংক হিসাবের পাশাপাশি প্রার্থী অথবা তার নিয়োজিত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট নম্বর দেওয়ার বিধান যুক্ত হয়েছে। এর ফলে নির্বাচনি ব্যয়ের আর্থিক লেনদেনের তথ্য নথিভুক্ত করার ক্ষেত্রে এজেন্টের ব্যাংক হিসাবও বিধিমালার আওতায় এসেছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে। একই সংশোধনীতে প্রার্থীর হলফনামা সংক্রান্ত কয়েকটি বিধানও পরিবর্তন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হলফনামার সংযুক্তি-১-এর ৩(খ)-এর বিশেষ দ্রষ্টব্যে আগে যে তথ্য ‘সংযুক্ত করিতে হইবে’ বলা ছিল, সংশোধনের পর সেটিকে ‘দাখিল ঐচ্ছিক মর্মে বিবেচিত হইবে’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ৩(গ) ধারায় ‘অভিযুক্ত’ শব্দটির একটি নির্দিষ্ট ব্যাখ্যা যুক্ত হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে, অভিযুক্ত বলতে সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছে।
বিজ্ঞাপন
প্রার্থীর হলফনামায় পরিবারের সদস্যদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে।
১২০ নির্বাচনি প্রতীকের তালিকা
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনি প্রতীকের তালিকাতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধি অনুযায়ী, স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
গেজেটে মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকটি স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই তালিকায় ‘না’ প্রতীক যুক্ত করা হয়েছে। কোনো আসনে একক প্রার্থী থাকলে ভোটারদের মতামত জানানোর সুযোগ হিসেবে ব্যালটে এই প্রতীক ব্যবহারের বিধান রাখা হয়েছে।
বিজ্ঞাপন
ইসির ওয়েবসাইটেও নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশোধনীসংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।







