ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক অঙ্গনে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখা বাংলাদেশের নাগরিকদের অর্জনকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সন্তানরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রের পক্ষ থেকে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পাওয়া বাংলাদেশের চার হাফেজকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অর্জিত পুরস্কার শুধু সংশ্লিষ্ট হাফেজদের ব্যক্তিগত সাফল্য নয়, এটি দেশের মানুষের জন্যও গর্বের বিষয়। তিনি বলেন, ‘আপনারা যে পুরস্কারটা জিতে এসেছেন, এটা শুধু আপনাদেরই অর্জন না। আমি মনে করি, এটা বাংলাদেশের সকল মুসলমানের অর্জন।’
হাফেজদের উৎসাহ দেওয়া ও তাঁদের অর্জনকে সম্মান জানানোর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ও যোগ্যতাসম্পন্ন তরুণদের যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ পাবে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মেধাবীদের উৎসাহিত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে কয়েকজন বিজয়ী হাফেজের শিক্ষক তাঁদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক পর্যায়ে ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় অংশ নেওয়ার ক্ষেত্রেও সরকারি সহযোগিতার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে সরকারের সহায়তা প্রয়োজন হলে নিয়ম অনুযায়ী জানালে সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব, তা করার ব্যবস্থা নেওয়া হবে।
তারেক রহমান বলেন, বাংলাদেশের ছেলেমেয়েরা যেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের পাশাপাশি দেশের ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনতে পারে, সরকার সেটি চায়।

দেশে শান্তি প্রতিষ্ঠা ও পরিবর্তনের লক্ষ্যেও সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। কাজের ধরন ভিন্ন হলেও দেশের মানুষের শান্তি ও স্বাভাবিক জীবন নিশ্চিত করার লক্ষ্য সবার অভিন্ন হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের একপর্যায়ে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন। এর আগে সৌদি আরবের প্রতিযোগিতায় তাঁরা যেসব সূরা তিলাওয়াত করে পুরস্কার অর্জন করেছেন, সেগুলোর আয়াত তাঁদের কণ্ঠে শোনেন তিনি।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের চার পুরস্কার
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতাটি কোরআন হিফজ, তিলাওয়াত, তাজবিদসহ সংশ্লিষ্ট দক্ষতার বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া ১৫ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় হন।
বিজ্ঞাপন
এ ছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান ১৫ পারা বিভাগে এবং হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ ৩০ পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। চার বাংলাদেশি প্রতিযোগীর এই সাফল্যের বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রতিমন্ত্রী শামীম কায়সার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








