Logo

স্পিকারের সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৬
স্পিকারের সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির একটি সংসদীয় প্রতিনিধিদল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুন্দেস্ট্যাগ সদস্য নিকলাস কাপের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন গেরোল্ড ওটেন, জোহান সাথফ ও উলে শাউস। বৈঠকে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজও অংশ নেন।

সাক্ষাতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। স্বাধীনতার সূচনালগ্ন থেকেই জার্মানি বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য জার্মানি।

বিজ্ঞাপন

বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, দেশে দীর্ঘদিন ধরে নির্বাচন অনুষ্ঠিত হলেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন বাধা ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হলেও কাঙ্ক্ষিত গণতান্ত্রিক পরিবেশ বারবার ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্পিকার আরও বলেন, তার ভাষ্য অনুযায়ী, পরপর তিনটি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের সময়ে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আন্দোলনের পর গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের নারী প্রতিনিধিত্বের বিষয়েও জার্মান প্রতিনিধিদলকে অবহিত করেন স্পিকার। তিনি জানান, বর্তমান সংসদে জনগণের ভোটে নির্বাচিত ছয়জন নারী সংসদ সদস্য এবং সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্য রয়েছেন।

এ সময় জার্মানি-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে সংসদীয় কূটনীতি আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিয়েও মতবিনিময় করেন তারা।

বিজ্ঞাপন

বাংলাদেশের জনগণের বাক্‌স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করেন স্পিকার।

অনুষ্ঠানে জার্মান দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD